পাংশায় যুবদল নেতার উপর হামলা ও গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৪:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৩১ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মো.আরিফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা ও যুবদলের এক কর্মীকে গুলি করার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
গুলিবিদ্ধ ওই যুবদলকর্মীর নাম মো. শরিফুল ইসলাম। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের জাগির কয়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। মো. শরিফুল ইসলাম জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য।
উপজেলার বালিবাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা যুবদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদল নেতা মো. সজীব রাজা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পাট্টা ইউনিয়নের একটি প্রতিবাদ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফেরার সময় উপজেলা যুবদলের আহবায়ক মো. আরিফুল ইসলামের মোটরসাইকেল বহরে হামলা করা হয় এবং তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। এসময় জিয়া সাইবার ফোর্সে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানা গেছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা এই ঘটানার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।
এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, ভূক্তভোগীরা অভিযোগ দিতে থানায় এসেছে। আমারা এ বিষয় নিয়ে কাজ করছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।




















