হিলি স্থলবন্দর দিয়ে ৩ মাস পর ভারত থেকে আলু আমদানি শুরু
- আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪১ বার পঠিত

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে তিন মাস পর ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান এটি আমদানি করেছেন। দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে এসব আলু আমদানি করেছেন বলে জানান আমদানিকারক প্রতিনিধি।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে দুই ট্রাক আলু আমদানি হয়
আমদানিকারক প্রতিনিধি বলেন, দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি তাই বাজার নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। আজকে ভারতীয় দুই ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এসব আলু ভারতের জলপাইকুরি থেকে আমদানি করা হয়েছে। আমদানি বাড়লে দেশের বাজারে আলুর দামটা অনেক কমে আসবে।
সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি পারভেজ হোসেন বলেন, দীর্ঘ তিন মাস পর কম শুল্কে আজকে ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। বর্তমান দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে মূলত এই আমদানি করা হয়েছে।



















