চারঘাটে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৩৩ বার পঠিত

রাজশাহী চারঘাট মডেল থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার সকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে থানার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার। এছাড়াও বক্তব্য রাখেন পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন, কমিউনিটি পুলিশিং চারঘাট থানার সভাপতি ব্রজহরি দাস ও সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।



















