মিঠাপুকুরে বিএডিসির অবদান,এক সময়ের ধূধূ ফসলের মাঠে এখন সবুজ ফসলের হাতছানি
- আপডেট সময় : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৮২ বার পঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ও বালুয়া মাসিমপুর ইউনিয়নের সীমান্তবর্তি তিনটি মৌজা আজ সবুজ সমারোহে ঢেকে গেছে।
এক সময় যে বিস্তীর্ণ ফসলের মাঠটি এমন সময় ধূধূ করতো। সেই ফসলের মাঠটি আজ তিন ফসলে রুপান্তরিত হয়েছে।
মিঠাপুকুর উপজেলার বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের(বিএডিসি) আর্শীবাদে বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর মৌজা গোপালপুর ইউনিয়ানের দূর্গামতি ও কৃষ্ণপুর তেঁতুল বাড়ী মৌজার প্রায় তিন ফসলি ৫’শ একর ধানী জমি আজ সবুজ সমারোহে ঢেকে গেছে। এই বোরো মৌসুমে প্রায় হাজার জন কৃষক পরিবারের ৬ মাসের সাংসারিক আয় ও খাবারের যোগান দিচ্ছে।
বছর খানেক আগেও যেখানে হেক্টরের পর হেক্টর জমি অনাবাদী হয়ে পড়ে থেকে ধূলি উড়াত। সেখানকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে এখন ধান আর ধান। চারদিকে এক পলক তাকালেই দু’চোখ জুড়িয়ে যায়। এক ফসলি জমি এখন আর এক ফসলি নেই। তিন ফসলি জমিতে রুপান্তরিত হয়েছে। এর আগে সেখানে অনেক চড়া দামে ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে মাসের পর মাস বোরো ক্ষেতে পানি সেচ দিতে হতো। সেখানকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মুখে মুখে আজ স্বস্তির হাসি ফুটেছে। চলতি বোরো মৌসুমে অনেক সাশ্রয়ী দামে ক্ষেতে পানি সেচ দেওয়ার সুযোগ পাচ্ছেন বিএডিসির আওতাভুক্ত জমির কৃষকেরা। বাংলাদেশ এগ্রিকালচার ডেভলপমেন্ট কর্পোরেশন কৃষকদের এই সুবিধা দিচ্ছে।
জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়ানের দুর্গামতি ও কৃষ্ণপুর তেঁতুলবাড়ী মৌজা এবং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর মৌজার কৃষকেরা তিন ফসলি আবাদী জমিতে পানির অভাবে আগে সেচ দিতে পারতো না। তিন ফসলী জমি হওয়া স্বত্ত্বেও দুই ফসল ঘরে তুলতে তারা হিমশীম খেতো। ডিজেল চালিত মেশিন দিয়ে সঠিক সময়ে পানি সেচ দেওয়া কোন ভাবেই সম্ভব হচ্ছিল না। এছাড়া, ডিজেল চালিত মেশিনে তাদের প্রতি একরে গুণতে হতো ১০ থেকে ১২ হাজার টাকা। এসব আবাদের খরচ তাদের নিতে হতো দাদনে, নয়তো কোনো এনজিও’র থেকে ঋণে। সেচ,সার ও কিষাণ খরচ বহন করে তারা একসময় নিঃস্ব হয়ে পড়তো। এখন এসব ব্যায় অর্ধেকে নেমে গিয়ে তাদের সংসারে স্বস্তি ফিরে এসেছে।
এর আগেও সেখানে আশে পাশের গ্রামে স্থাপিত কয়েকটি ডিপ মেশিন থাকলেও সেগুলোর দুরত্ব অনেক বেশি হওয়ায় এবং বিস্তৃর্ণ মাঠের মাঝখান দিয়ে দুটি খাল থাকার কারণে এসব উঁচু নিচু জমিতে কোনভাবেই পানি সরবরাহ করা যেতো না। তাই বিগত বছর গুলোতে ডিজেল চালিত মেশিনেই ছিলো তাদের ভরসার স্থল। সেগুলো থেকে পানি সেচ দিয়ে ধান চাষের খরচই উঠত না। দিন দিন এসব অঞ্চলের কৃষকেরা লোকসানের মুখে পড়ে ঋণে জর্জরিত হয়ে যেতো।
তাই, বিএডিসি ওই এলাকার কৃষকদের কথা ভেবে বোরো মৌসুমের দুর্ভোগ লাঘবের জন্য বিগত বছরে নতুন একটি গভীর নলকূপ স্থাপন ও পুরনো পরিত্যাক্ত একটি গভীর নলকুপ কে সংস্কার করে ভূগর্ভস্থ পাইপ লাইন স্থাপন করে ডিপটিউবয়েল দুটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে কম দামে সেখানকার কৃষকদের সেচের আওতায় নিয়ে এসে তাদের বোরো ক্ষেতে নিয়মিত পানি সেচ দেওয়ার সুব্যবস্থা করে দিয়েছে । এলাকাবাসীদের মধ্যে হামিদপুর গ্রামের জনপ্রিয় ইউপি সদস্য মোহসীন মোহাম্মদ হাফিজ বাহাদুর,এজরাপাড়া গ্রামের রাজা মিয়া,শাহারুল ইসলাম, কৃষ্ণপুর গ্রামের হোচন আলী ও দূর্গামতি গ্রামের রুহুল আমিন সহ একাধিক কৃষক বলেন , উপজেলা বিএডিসি অফিস এখানকার কৃষকদের কথা চিন্তা করে নতুনভাবে একই লাইনে একটি নতুন ডিপ টিউবওয়েল স্থাপন সহ একটি অচল ডিপটিউবয়েল কে সংস্কার ও একটি ক্ষুদ্র সেচ (STW) স্থাপন করে ওনারা বিরল নজীর সৃষ্টি করেছেন। সেগুলো থেকে ভুক্তভোগী কৃষকদের জমিগুলোতে নিয়মিত সেচ প্রদান করা হচ্ছে। শুধু তাই নয়। নতুন করে এখানকার কৃষি শিল্পতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ ), বিএডিসি, মিঠাপুকুর,মো: শফিকুল ইসলাম দৈনিক আলোকিত নিউজকে বলেন, সরকারের নির্দেশ- এক ইঞ্চি জমিও যেনো অনাবাদী না থাকে। কিন্তুু দুর্গামতি, হামিদপুর ও কৃষ্ণপুর তেতুঁলবাড়ী মৌজার অনেক জমিতে পানির অভাবে সেচ দেওয়া যাচ্ছিলনা। সেখানে বেশি দামে ডিজেল চালিত মেশিন দ্বারা পানি সেচ দিতে হতো। কৃষকদের সমস্যা বিবেচনা করে সুলভ মূল্যে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করে দিতে সেখানে একটি পরিত্যক্ত গভীর নলকূপ স্থানান্তর করে বসানো হয় ও একই এলাকায় আর একটি পরিত্যাক্ত গভীর নলকুপ সংস্কার করে চালু করা হয়। একটি অগভীর নলকূপ (STW) স্থাপন করে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। সেই সাথে গভীর নলকূপে আন্ডার গ্রাউন্ড পাইপ লাইন করে কৃষকদের জমি গুলো সেচের আওতায় নিয়ে এসে নিয়মিত সেচ কার্য প্রদান করা হচ্ছে।গভীর নলকূপ দুটি চালু হওয়ায় কৃষকগণ কম খরচে এবং কম সময়ে সেচ সুবিধা পাচ্ছে। ইনশা’আল্লাহ আমাদের এই সেচ কার্যক্রম চলমান থাকবে এবং আগামীতে সব এলাকার কৃষকরা যেন কম খরচে এবং কম সময়ে সেচ সুবিধা পায় সেজন্য এসব কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ ।



















