আশুলিয়ায় বাড়তি ভাড়া চাওয়ায় বাগবিতণ্ডা, মারধর-নিহত ২
- আপডেট সময় : ১২:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১৬৩ বার পঠিত

মিরপুর থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের বাড়তি ভাড়া চাওয়ায় এক যাত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে মারধরের শিকার হয়ে পরিবহনের চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বেলা ২টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় মারধরের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।
উক্ত ঘটনায় পালিয়ে বেঁচে যাওয়া চালকের সহকারীর বরাত দিয়ে সোমবার রাত ১০ টার দিকে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান জানান, তর্কাতর্কিতে চলন্ত বাসে এক যাত্রী প্রথমে হুমকি দেন। পরে বাস আশুলিয়ার ইপিজেড এলাকায় পৌঁছালে বেশ কয়েকজন যুবক বাসে উঠে বাসচালক ও সুপারভাইজারকে মারধর করে। পরে দুইজনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান আরও বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়ছে ।



















