নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১৭০ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, ডিএম একাডেমি ফুটবল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগেশ্বরী উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ । পরে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
সকাল ৯ ঘটিকায় নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিন ব্যাপী নানা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলদিয়ে বরণ, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করে।দিবসটি উপলক্ষে এতিমখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।



















