শেরপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ১২:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮৯ বার পঠিত

সারাদেশের মতো শেরপুরেও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
১৬ ডিসেম্বর শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৬টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, শেরপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দসহ শেরপুর পৌরসভা, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
পরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।
এরপর স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।


















