খাগড়াছড়ির গুইমারাতে অবরোধের সময় দগ্ধ বেলাল আর নেই
- আপডেট সময় : ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ৩২৪ বার পঠিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় অবরোধের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ ট্রাকের হেলপার বেলাল হোসেন (৩৫) মারা গেছেন।
শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বেলাল হোসেনের স্বজনরা।
উল্লেখ্য, গত সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে সরকারি চালবোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গার তাইন্দং খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিল। পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকচালক ইসহাক মিয়া ও হেলপার বেলার হোসেন দগ্ধ হন। দগ্ধ বেলালের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। পর দিন মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে শেখ হাসিনার জাতীয় বার্নে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় আজ শেখ হাসিনা বার্নের আইসিইউতে তার মৃত্যু হয়। নিহত বেলাল হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা আদর্শ গ্রামের শহিদুল হকের ছেলে।



















