দেওয়ানগঞ্জে সপ্তম শ্রেণি শিক্ষার্থী চালককে হত্যা, আটক-দুই
- আপডেট সময় : ১০:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ২৯৮ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে আশরাফুল ইসলাম (১৫)নামে ভ্যান চালক এক কিশোরকে খুনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে ঝালরচর বাজারের উত্তর পাশে বাছেতপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই খুনের ঘটনায় থানা পুলিশ ছিনতাইকারী দলের নয়ন নামে এক যুবকে ওই রাতেই আটক করে পরদিন সোমবার তার সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, আশরাফুল ইসলাম উপজেলার তারাটিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে এবং তারাটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালিয়ে পরিবারকে সহায়তা করে এবং নিজের লেখাপড়া খরচ চালাতো।
ঘটনার দিন সন্ধ্যায় আশরাফুল ভ্যান নিয়ে বের হলে নয়নসহ মোট তিনজন দেওয়ানগঞ্জ যাবে বলে ভাড়া মিটিয়ে আশরাফুলের ভ্যান যোগে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে দেওয়ানগঞ্জ – ডাংধরা সড়কের বাছেতপুর ও ঝালরচরের মাঝামাঝি স্থানে এসে ভ্যান থামিয়ে ছদ্দবেশী যাত্রী সাজা ছিনতাইকারী নয়ন ও তার সহযোগীরা মিলে আশরাফুলের মাথায় আঘাত করে। এক পর্যায়ে আশরাফুল মৃত্যুর কোলে ঢলে পড়লে ছিনতাইকারীরা নিহতের লাশ পাশে একটি ঝুপড়ি স্থানে গুম করে।
আশরাফুলের লাশ গুম করে নিহতের ভ্যান নিয়ে দেওয়ানগঞ্জ রেলস্টেশন এলাকায় ভ্যানটি বিক্রির জন্যে বিভিন্ন রকম চেষ্টা চালায়। সে সময় তাদের গতিবিধি দেখে এক শ্রেণির মানুষের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভ্যান গাড়ি ছিনতানকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্যে নয়ন নামে একজনকে রাতেই আটক করে। আটক নয়ন তারাটিয়ার মহাল মিয়ার ছেলে এবং নিহত আশরাফুলের প্রতিবেশী।
পুলিশ থানায় এনে নয়নকে জিঞ্জাসাবাদের এক পর্যায়ে আশরাফুলকে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা স্বীকার করলে সোমবার নয়নের সহযোগিতায় দেওয়ানগঞ্জ – ডাংধরা সড়কের বাছেতপুর ও ঝালরচরের মাঝামাঝি স্থানের এক ঝুপড়ি এলাকা থেকে আশরাফুলের লাশ উদ্ধার করে। পরে বাবু নামে আর একজনকে আটক করে পুলিশ।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্ত চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন হত্যা ও হত্যা পরবর্তী লাশ গুমের ঘটনা স্বীকার করে। তার সহায়তায় সোমবারর নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



















