ট্রাক চাপায় যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১২:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৭২ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ার নয়ারহাট ঢালু ব্রীজ এলাকায় ট্রাক চাপায় আশিক হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যুর হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে “প্রতিদিনের খবর”কে এ তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন।
এর আগে বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে নয়ারহাট ঢালু ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহত আশিক হোসেন (২৫) ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের আওলাদ হোসেনের ছেলে। সে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অধ্যায়ন শেষ করেছে। তার বাবা সোমভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ঢালু ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক আশিক হোসেনের মোটরসাইকেলটি চাপ দেয়। এতে মোটরসাইকেল আরোহী আশিক মাটিতে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা আমের হোসেন বলেন, আশিক তার বাবার একমাত্র সন্তান। সে বিকেলে মোটরসাইকেল যোগে আশুলিয়ার নবীনগর সেনা মার্কেটে মোবাইল ঠিক করতে যায়। বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় মারা যায়। আজ পারিবারিকভাবে তার বিয়ের দিন ধার্য হওয়ার কথা ছিলো। কিন্তু এমন দিনেই আমার ভাতিজাটা মারা গেলো।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন প্রতিদিনের খবরকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়। সেই সাথে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















