বগুড়ায় চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২১৬ বার পঠিত

র্যাবের অভিযানে বগুড়ার চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার মড়িয়া মাঠপাড়া এলাকার আব্দুল বাসেদ মন্ডলের ছেলে আব্দুস সামাদ মন্ডল (৩৫) এবং একই উপজেলার মড়িয়া গোলাবাড়ী এলাকার আনসার হাজীর ছেলে সেলিম হোসেন (৩৫)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বগুড়ার গাবতলী উপজেলার রানীনগর মাস্টারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের ১১ মার্চ সন্ধ্যায় সন্ত্রাসী নয়নকে গাবতলীর ত্রিমোহনী দেবোত্তরপাড়া এলাকায় নির্জন স্থানে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে নয়নের মা নারগিস বেওয়া ১৩ মার্চ গাবতলী থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এরপর ২০ মার্চ ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে হত্যায় জড়িত চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই চারজন ২২ মার্চ বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর গত ৩ এপ্রিল দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি থেকে নয়ন হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে র্যাব।



















