নিক্সনের হুমকিতে আমি ভয় পাই না : শামা ওবায়েদ
- আপডেট সময় : ১২:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ২২১ বার পঠিত

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর জিব ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি। ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের ত্রিবাষিক সম্মেলনে সোমবার বক্তৃতাকালে তিনি এই হুমকি দেন।
নিক্সন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ মঙ্গলবার যুগান্তরকে বলেন, নিক্সন চৌধুরীর অকথ্য ভাষার হুমকিতে আমি ভয় পাই না। গণতন্ত্রের স্বার্থে যতবার হুংকার ছাড়তে হয়, ততবার হুংকার ছেড়ে যাব। তার এমন কুরুচিপূর্ণ কথাবার্তা আমার পছন্দ হয় না। যুবলীগের সম্মেলনে শামা ওবায়েদকে বেয়াদব আখ্যায়িত করে নিক্সন চৌধুরী বলেন, নগরকান্দার শামা আপা পল্টনের সমাবেশে যেভাবে চিৎকার দেয়, বাবারে বাবা। আপনার (শামা) যতটুকু যোগ্যতা, ততটুকু বলেন। আপনাকে দেখলাম আপনি আমার নেত্রীকে (শেখ হাসিনা) তুই- তোকারি করছেন। আপনি একজন নারী। আপনার বাবা (মরহুম কেএম ওবায়দুর রহমান) একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আপনার বাবারও এই সাহস ছিল না। আপনি তার মেয়ে। ছোট মুখে বড় কথা বলেন। আপনি সাবধান হয়ে যান।
শামাকে হুঁশিয়ার করে নিক্সন চৌধুরী আরও বলেন, ভবিষ্যতে যদি নেত্রীকে নিয়ে বেয়াদবি বক্তব্য দেন তাহলে দক্ষিণ বঙ্গে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বেয়াদব, এমন একটা বেয়াদব আবার নির্বাচন করবে। আগামী জাতীয় নির্বাচনে আমরা লাবু মামার (ফরিদপুর-২ আসনের সংসদ-সদস্য শাহবাদব আকবর লাবু চৌধুরীর সঙ্গে আছি। নির্বাচনে এই বেয়াদবকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকব।
সালথায় জেলা পরিষদ অডিটোরিয়ামে যুবলীগের ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু। উপজেলা যুবলীগের সভাপতি মো. খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-২ আসনের সংসদ-সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, সম্মানিত অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল।


















