পাইকগাছায় বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি, জলাবদ্ধতায় ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৬৬ বার পঠিত

খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ৬৫ নং কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ চারপাশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। টানা বৃষ্টির কারণে বিদ্যালয় প্রাঙ্গণ হাঁটু পানিতে তলিয়ে গেছে। ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাও বন্ধ রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে,১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ৮২ শতক জমির উপর গড়ে ওঠে। বর্তমানে এখানে ৪ জন শিক্ষক এবং ৫৪ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের পেছনে বিস্তীর্ণ চিংড়িঘের এবং পাশে একটি কালভার্ট থাকলেও বিষ্ণুপুর স্লুইস গেট বন্ধ থাকায় পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এতে প্রতি বছর বর্ষা মৌসুমে মাসের পর মাস পানি জমে থাকে মাঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বরন সানা জানান,“গত দেড় মাসের বৃষ্টিতে মাঠে হাঁটু পানি জমে আছে। শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে। মাঠটি বালু-মাটি দিয়ে উঁচু করে ভরাট করা হলে এবং স্লুইস গেট খুলে দিলে সমস্যা সমাধান সম্ভব।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ মোল্যা অভিযোগ করে বলেন,“কিছু প্রভাবশালী ব্যক্তি স্লুইস গেট বন্ধ করে রাখায় পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রয়োজন।”
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বলেন,“বিদ্যালয়ের এই পরিস্থিতি সম্পর্কে আমাদের জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ আবেদন করলে চলতি অর্থবছরে মাঠ ভরাটের উদ্যোগ নেওয়া হবে।”




















