রাজবাড়ীতে ৩ জনের নামে মামলা, অথচ বাদী নিজেই জানেন না!
- আপডেট সময় : ০১:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯৫ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় ১৭ সেপ্টেম্বর ৩ জনকে আসামী করে চুরির অভিযোগে একটি মামলা হয়।
মামলায় উপজেলার বহরপুর নতুনচর গ্রামের মৃত নাজিমুদ্দিন মৃধার ছেলে মোঃ মেহেদী হাসান টুকু (৪৫), মোঃ জালাল শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২১) ও মোঃ ইউসুফ আলী শেখের ছেলে মোঃ ইনদাদুল শেখ (৩৪) আসামী করা হয়েছে। মামলাটি করেন বাকুটিয়া গ্রামের মৃত ছৈয়দ আলী সরদারের ছেলে মোঃ পিকুল সরদার।
মামলায় বাদীর জায়গায় তার নাম ও স্বাক্ষর থাকলেও পিকুল সরদার এই মামলার ব্যাপারে কিছুই জানেন না তবে তার হাড়িয়ে যাওয়া নৌকা ফেরত দেওয়ার কথা বলে পুলিশ তার সাক্ষর নিয়েছেন বলে জানান।
মোঃ পিকুল সরদার বলেন, গত ১৬ সেপ্টেম্বর আমার একটি মাছ ধরার নৌকা হাড়িয়ে যায়। পুলিশ নৌকাটি উদ্ধার করলে নৌকা আনতে ১৭ সেপ্টেম্বর একটি ভোটার আইডি কার্ড নিয়ে থানায় যাই এবং একটি কাগজে স্বাক্ষর দিতে বললে স্বাক্ষর দিয়ে বাড়ি চলে আসি এর তিনদিন পর থানা থেকে জানানো হয় আমি এই মামলায় বাদী আমি তখন বলেছি আমি কোনো মামলা করি নাই। আর কোন মিথ্যা মামলার বাদীও হতে পারব না জানিয়ে দেন।
এ প্রসঙ্গে তৎকালীন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান মুঠোফোনে জানান, স্থানীয় লোকজন নৌকাসহ ওই তিন আসামীকে ধরে পুলিশে সোপর্দ করে পরে নৌকার মালিক পিকুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী এখন অস্বীকার করলে কিছু বলার নেই।




















