রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু
- আপডেট সময় : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩৬ বার পঠিত

রাজবাড়ীতে সরকারিভাবে প্রতি কেজি ৩৫ টাকা দরে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় রাজবাড়ী সদর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপঙ্কর মণ্ডল ও সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রেজাউল হোসাইন।
চলতি আমন মৌসুমে রাজবাড়ী সদর উপজেলা থেকে কৃষকদের কাছ থেকে ৭৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর পুরো জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ৮০৬ মেট্রিক টন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।
উদ্বোধনকালে ইউএনও মো. ফয়জুর রহমান বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান এবং উৎপাদন খরচের তুলনায় লাভবান হতে পারেন, সে লক্ষ্যেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকরা প্রতি কেজি শুকনো ধান ৩৫ টাকা দরে সরকারের কাছে বিক্রি করতে পারবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ধান বিক্রিতে আগ্রহী কৃষকদের কৃষি অফিস থেকে সনদ সংগ্রহ করতে হবে। যেকোনো সময় কৃষি অফিসে যোগাযোগ করে এ সনদ নেওয়া যাবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান বিক্রি করতে পারবেন।


















