ভূঞাপুরে খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান
- আপডেট সময় : ০২:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৯৭ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রায়ের বাশালিয়া খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করে নেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম আকন্দ শাপলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানোয়ার হোসেন খান, সম্মানিত দাতা সদস্য মোঃ রবিউল আউয়াল তালুকদার ও আলহাজ শফিউল আলম তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোঃ আলমগীর হোসেন মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান ও আমিনুল ইসলাম (জুয়েল মিঞা)। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোমিন তরফদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উদ্বোধক শাহআলম আকন্দ শাপলা তার বক্তব্যে বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়।”
প্রধান অতিথি অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার বিদ্যালয়ের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করে বলেন, “শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা অপরিহার্য।”
অনুষ্ঠানে মোবাইল ফোনের অপব্যবহার রোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ ব্যাহত করছে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। অভিভাবক ও শিক্ষার্থীরা এ ধরনের ইতিবাচক আয়োজনের ধারাবাহিকতা কামনা করেন।




















