গোপালপুরে ফুটপাত দখলকারী ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- আপডেট সময় : ০৫:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৮৫ বার পঠিত

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মান্নান রোডে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় গোপালপুর পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে দেখা যায়, স্থানীয় এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।
ইউএনও মো. তুহিন হোসেন বলেন, “ফুটপাত জনসাধারণের সম্পত্তি। কেউ অবৈধভাবে দখল করে ব্যবসা করলে তা মোটেও সহ্য করা হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত দখলের কারণে প্রতিদিন পথচারীদের ভোগান্তি পোহাতে হয়। ভ্রাম্যমাণ আদালতের এই সক্রিয় ভূমিকায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।




















