গণস্বাস্থ্য কেন্দ্রেই ডা.জাফরউল্লাহ চৌধুরী’র লাশ দাফন
- আপডেট সময় : ০৪:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২০৯ বার পঠিত

সাভারের নবিনগরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রই হল তার শেষ শয্যা।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) জুমার নামাজের পর জানাজা শেষে গণস্বাস্থ্য কেন্দ্রে তাঁর লাশ দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করেন ঢাকা জেলা প্রশাসন।
পরে শুক্রবার সকালে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তাঁর লাশ দাফনের জন্য আনা হয়। দেশ বরেণ্য এই মানুষটির জানাজা নামাজে অংশগ্রহণ করেন অত্র হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী সহ হাজারও মানুষ। পিএইচএ মাঠে তাঁর জানাজ নামাজ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে ও জানাজা নামাজ পড়তে ভীড় করেন গণস্বাস্থ্য প্রাঙ্গণে। সর্বসাধারণের জন্য একটি অস্থায়ী মঞ্চও বানানো হয় এখানে। সেখানে রাখা হয় তাঁর মরদেহ। এ সময় স্ত্রী শিরীন হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।




















