ইন্টারনেট লাইনে ‘নাশকতা’র অভিযোগ, ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আপডেট সময় : ১১:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৪৮ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় ইন্টারনেট ও ডিস সংযোগের ফাইবার তার চুরি এবং কেটে ক্ষতিসাধনের অভিযোগে এক ইউনিয়ন সদস্যসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অরেঞ্জ কমিউনিকেশন ইন্টারনেট সার্ভিসের পপ ম্যানেজার রাজিব মোল্লার স্ত্রী মুসলিমা আক্তার মদিনা এ অভিযোগ করেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন—বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের লাল মিয়ার ছেলে ও ইউনিয়ন সদস্য হাবিব, সুলতানপুর ইউনিয়নের জৌকুরী গ্রামের আবুল হোসেনের ছেলে জসিম এবং একই ইউনিয়নের শাইলকাঠি গ্রামের সুদে ছালামের ছেলে শৈবাল।

লিখিত অভিযোগে মুসলিমা আক্তার মদিনা উল্লেখ করেন, তার স্বামী রাজিব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে অরেঞ্জ কমিউনিকেশন ইন্টারনেট সার্ভিসের পপ ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। রাজাপুরসহ বসন্তপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাদের ইন্টারনেট সংযোগ রয়েছে।
তার অভিযোগ, অভিযুক্তদেরও প্যান এম টেক নামে একটি ইন্টারনেট সংযোগ ব্যবসা রয়েছে। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাদের ইন্টারনেট লাইন বন্ধ ও সরিয়ে নিতে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন স্থান থেকে তাদের ইন্টারনেট ও ডিস লাইনের মূল্যবান ফাইবার তার চুরি করে নেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি স্থানে ফাইবার তার কেটে নষ্ট করে ফেলে রাখা হয়েছে। এতে ব্যবসায়িকভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি গ্রাহকরা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়।
মুসলিমা আক্তার মদিনার অভিযোগ, শুধু তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করাই নয়, তাদের হয়রানির উদ্দেশ্যে আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের সাধুর মোড় এলাকায় তাদের ইন্টারনেট সংযোগের ১২, ০৪ ও ০২ কোরের ফাইবার তার কেটে ফেলা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর চারদিন পর জালদিয়া স্কুল এলাকা থেকে সাধুর মোড় পর্যন্ত পুনরায় ইন্টারনেটের ফাইবার তার কেটে নষ্ট করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
বাদী মুসলিমা আক্তার মদিনা বলেন,“বারবার আমাদের ইন্টারনেট লাইনের তার কেটে ও চুরি করে নিয়ে গিয়ে বড় ধরনের ক্ষতি করা হচ্ছে।
এতে আমাদের ব্যবসার পাশাপাশি গ্রাহকরাও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
তিনি অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।



















