অবরোধের সমর্থনে ভোলায় বিএনপির মশাল মিছিল
- আপডেট সময় : ১১:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৯৫ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিএনপির ডাকা ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে ভোলায় মশাল মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টায় ভোলার ইলিশা সড়কে বিএনপি নেতাকর্মীরা এ মাশাল মিছিল করে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করে। মিছিল থেকে নির্বাচনের তপসিল বাতিলের দাবি জানিয়ে শ্লোগান দেন তারা।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে, পুলিশি নির্যাতন করে আন্দোলন সংগ্রাম দমানো যাবে না। এ সরকার পদত্যাগ না করা পর্যন্ত ভোলা জেলা বিএনপি মাঠে আছে এবং রাজপথেই আন্দোলন চালিয়ে যাব।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতসির আলম রবিন চৌধুরী, ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী বিলাল হোসেন, ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।
মিছিলটি ইলিশা মহাসড়ক পরানগঞ্জ থেকে শুরু হয়ে পাইলট বাজারে গিয়ে শেষ হয়।




















