বেইলি রোডে বহুতল ভবনে আগুন-শোকের মাতম!
- আপডেট সময় : ১২:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৩৩৩ বার পঠিত

রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।এতে শোকের মাতম নেমে আসে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ারুল বলেন, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ১১টি ইউনিট যোগ দেয়।
তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
এঘটনায় রাত ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য গণমাধ্যমেকে জানান।
অপর দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, এই অগ্নিকাণ্ডে রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন।
শুরুতে ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে ৪২ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘বেশ কয়েকজন মারা গেছেন। এখনো সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।
রাত সোয়া একটার দিকে পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বেইলি রোডে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে সাংবাদিকদের বলেন, ‘৪২ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা তাদের বিষয়ে শঙ্কিত। তাদের চিকিৎসা ও জীবন রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।
রাত ১ টা ৫৫ মিনিটে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান। এর মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ১০ জন মারা যান এবং ৩৩ জন ঢাকা মেডিকেলে মারা যান।
মন্ত্রী আরও জানান, এখনো ২২ জনকে নিয়ে তারা শঙ্কায়। তাদের সবার কণ্ঠনালি পুড়ে গেছে।
রাত আড়াইটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আইজিপি সাংবাদিকদেরকে জানান, ‘আমি পুলিশ হাসপাতালে গিয়ে একজনকে মৃত দেখে এসেছি। সব মিলিয়ে ৪৪ জনের মৃত্যুর তথ্য আছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাততলা ভবনের দ্বিতীয় তলায় প্রথম আগুন দেখা যায়। পরে তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুন উপরের দিকে ছড়িয়ে পড়লে বেশ কিছু মানুষ আটকে পড়ে।
স্থানীয়রা জানাই ভবনটি সাততলা। ওপরের তলাগুলোতেও রেস্তোরাঁ এবং তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছিল।
প্রথমে ভিতরে কত লোক আটকে আছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছে, ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যারা আটকে আছে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
আগুনের খবর পেয়ে আতঙ্কিত লোকজন ওপরের দিকে উঠে যায়। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপন নামে এক স্থানীয় বলেন, যখন আগুনের ঘটনাটি ঘটেছে ঔ সময়ে রেস্টুরেন্টগুলোতে অনেক কাস্টমার থাকে।




















