বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছে, দলটির অনুমোদিত ১২টি সংগঠনের বাইরে সব ‘নামে-বেনামে’ সংগঠন অবৈধ এবং অনুমোদনহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংগঠন গঠন এবং পদবির অপব্যবহার রোধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক সতর্কীকরণ নোটিশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, অনুমোদিত সংগঠন ব্যতীত অন্য কোনো সংগঠনকে দলীয় স্বীকৃতি দেওয়া হয়নি।
নোটিশ অনুযায়ী, বিএনপি ও এর অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন হলো— ১. বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ২. জাতীয়তাবাদী ছাত্রদল ৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪. জাতীয়তাবাদী শ্রমিক দল ৫. জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ৬. জাতীয়তাবাদী কৃষক দল ৭. জাতীয়তাবাদী মহিলা দল ৮. জাতীয়তাবাদী ওলামা দল ৯. জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ১০. জাতীয়তাবাদী তাঁতী দল ১১. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
নোটিশে অভিযোগ করা হয়, কিছু ব্যক্তি অনুমোদনহীনভাবে সংগঠন গঠন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এসব সংগঠন নামসর্বস্ব ও ভূইঁফোড়, যার দায় দল বহন করবে না।
বিএনপি সবাইকে অনুরোধ জানিয়েছে, ‘জাতীয়তাবাদী’ কিংবা ‘জিয়া পরিবার’ ও তারেক রহমানের নাম/ছবি ব্যবহার করে কোনো প্রচার বা কর্মসূচি থেকে বিরত থাকতে।
সতর্কীকরণ নোটিশে আরও বলা হয়, ভবিষ্যতে কেউ সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা বিএনপিকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।