মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ফরিদপুর -১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) প্রফেসর ড.মোঃ ইলিয়াস মোল্লা।
সোমবার ( ২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও মতবিনিময় করেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের অভিজ্ঞতা শোনেন। পরিদর্শনকালে এমপি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট পরিদর্শন করেন। তিনি হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, জনবল সংকট এবং রোগীদের ভোগান্তির বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
পরিদর্শনের পূর্বে হাসপাতালের পরিষ্কার পরিছন্নতার কাজে সরাসরি অংশ নেন নবনির্বাচিত এমপি প্রফেসর ড. ইলিয়াস মোল্লা এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মামুন হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। ফরিদপুর ১ আসনের মানুষ যাতে উন্নত চিকিৎসাসেবা পায়, সেজন্য হাসপাতালের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন এবং নতুন সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানান।