
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস নিষিদ্ধ এ্যাম্পল ইনজেকশনসহ এক ভাই ও এক বোনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় হাকিমপুর হিলি পৌর শহরের মুহাড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক।
গ্রেফতারকৃতরা হলেন,মুহাড়াপাড়া এলাকার মৃত আকরাম শেখের ছেলে মোঃ আতিক বাবু (২০) ও মেয়ে আখি আকতার তৃষা (২২)। পুলিশ জানিয়েছে, এ দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
ওসি মোঃ নাজমুল হক বলেন, "সীমান্তবর্তী হাকিমপুর থানা এলাকাকে শতভাগ মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই অরূপ কুমার ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।"
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (২৫ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং পুলিশের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মোঃ নাজমুল হক।