
সাভারে ডিবি পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর মিরপুর থেকে সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৪। এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা সহ হাতুরি, নোস প্লাস ও নেভি লেখা গেঞ্জি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ছিনতাই চক্রের মূলহতো বরিশাল জেলার বাসিন্দা শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও বি. বাড়িয়া জেলার বাসিন্দা আফজাল হোসেন (৩৮)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর সাভারে ডিবি পুলিশ পরিচয়ে এক মাদ্রাসা শিক্ষককে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে চোখ বেঁধে মারধর করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। পরে এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব৷
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে ভুয়া ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূল হোতা রুবেলসহ দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের নিকট থেকে নগদ টাকা সহ হাতুরি, নোস প্লাস ও নেভি লেখা গেঞ্জি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।