
শিল্পাঞ্চল আশুলিয়ায় সাবেক স্বামীর বিরুদ্ধে কুইন খাতুন (৩২) নামে এক নারী পোশাক শ্রমিককে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে আশুলিয়ার জামগড়ায় এ ঘটনা ঘটে।
হত্যার শিকার কুইন খাতুন নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দস মিয়ার মেয়ে। তিনি আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় এমারত মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি জামগড়া এলাকায় এনভয় নামে একটি গার্মেন্টস কারখানার কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসা থেকে নিজ কারখানায় যাচ্ছিলেন কুইন। কারখানায় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে আগে থেকে উৎপেতে থাকা এক ব্যক্তি তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। পরে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, কুইনের সঙ্গে আজাদ নামে এক ব্যক্তির বিয়ে হয়। তার গ্রামের বাড়িও নওগাঁয়। আজাদ নেশাগ্রস্ত মানুষ। পারিবারিক কলহের জের ধরে এক বছর আগে তাদের তালাক হয়ে যায়। এরপর বিভিন্নভাবে আমার ভাগ্নিকে পথে-ঘাটে বিরক্ত করে আসছিল আজাদ। আজকে গার্মেন্টসে কাজে জন্য যাওয়া সময় পথিমধ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে আজাদ ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং যত দ্রুত সম্ভব হত্যাকারীকে আটক করা হবে।