
পাবনার সাঁথিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (৪ জুলাই) ভোরে উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত গতিতে চলছিল। বাসটি পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।
নিহতরা হলেন—উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ (৩৮), আতাইকুলা গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে মনছের আলী (৪০) এবং আরেকজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে পরে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা তদন্তসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।