
সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় নিশ্চিত করতে বগুড়ার আর এন্ড আর পটেটো কোল্ড স্টোরেজ তদারকি এবং আলুর দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলার কোল্ড স্টোরেজ মালিক,ব্যবসায়ি প্রতিনিধি,সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আর এন্ড আর পটেটো কোল্ড স্টোরেজ হিমাগার পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, সরকার বেঁধে দেওয়া আলুর দাম ভোক্তা পর্যায়ে পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।বাজার ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিশৃংখলা হচ্ছে । সেই বিশৃংখলা দূর করার জন্য আজকে আমরা এখানে এসেছি। কোল্ডস্টোরে আলুর পাইকারি মূল্য ২৭ টাকা কেজি বিক্রি হলেই বাজারে ৩৫-৩৬ টাকা করে বিক্রি হবে। এর মধ্যে অন্য কোথাও সমস্যা হলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সরকার দাম নির্ধারণ করার পরও বাজারে নির্ধারিত দামে আলু না মেলার কারণ অনুসন্ধানে জেলার অন্যান্য হিমাগার পরিদর্শন করব।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসন বগুড়ার নেতৃত্বে আর এন্ড আর পটেটো কোল্ড স্টোরেজে আলুর মজুদ,সরবরাহ পরিস্থিতি, ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ ও পাকা রশিদ নিশ্চিত করতে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় ।
এসময় এই হিমাগারে আলু মজুদ এবং অতিরিক্ত মুনাফায় তা বিক্রির বেশ কিছু প্রমাণ পেলে রিপন, শাহ আলম এবং জাহিদ নামে তিন ব্যবসায়িকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।