
পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পুরুষরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য সমবায় করতে হবে। তারা যেন শুধু বিপননের জন্য নয় বিভিন্ন ধরনের সমবায় সমিতি করে দলবদ্ধ হয়ে শুরু করে। তাহলে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে। তিনি রবিবার দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় আয়োজিত ৫৫ তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।
এর আগে, "করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে র্যালিটি কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলার উদ্বোধন করেন তিনি। এতে বিভিন্ন সমবায় সমিতির ১২ টি স্টল অংশগ্রহণ করেছে।
পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা জামায়াতের ইসলামির আমির ইকবাল হোসাইন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় অংশগ্রহণ করেন। জেলার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতিতে খুন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কমে আসায় সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ সংকট মোকাবিলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা-সমাবেশ করতে হবে। পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের পাশে পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।