
আবারও জলাবদ্ধতার আশঙ্কায় পড়েছে খুলনার ডুমুরিয়া উপজেলা। শৈলমারি ১০-ভেন্ট রেগুলেটরের সব কপাট পলি পড়ে বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে বৃষ্টির পানিতে একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
জানা গেছে, বিলডাকাতিয়াসহ ডুমুরিয়ার বৃহৎ অংশের পানি নিষ্কাশনের একমাত্র পথ এই রেগুলেটরটি। প্রতি বছর বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড সাময়িক প্রকল্পে পলি অপসারণ করলেও স্থায়ী সমাধান হয়নি। গত বছরও ভারী বর্ষণে ডুমুরিয়ার পাঁচটি ইউনিয়ন ভয়াবহভাবে প্লাবিত হয়েছিল।
বর্তমানে রেগুলেটরে উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি ৩৫ কিউসেক পাম্প বসানো হয়েছে। তবে এলাকাবাসীর মতে, এই পাম্প দিয়ে বিশাল অঞ্চলের পানি নিষ্কাশন করা বাস্তবসম্মত নয়।
উপজেলা বিল কমিটির সভাপতি অধ্যাপক জিএম আমান উল্লাহ বলেন, "শৈলমারি গেটই ডুমুরিয়া-ফুলতার জলাবদ্ধতা নিরসনের মূল পথ। স্থায়ীভাবে গেট সচল না করা হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে।"
ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম জানান, "পাম্প চালু হলেও তা যথেষ্ট নয়। দ্রুত কপাট সচল না করলে মানুষ আবার পানিবন্দি হয়ে পড়বে।"
এ বিষয়ে বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, "গত বছর যেভাবে ডুমুরিয়া উত্তরাঞ্চল পানিতে ডুবে গিয়েছিল, এবারও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে। নদী খনন ও গেট সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে হবে।"
খুলনা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, "দুটি পাম্প চালু আছে, গেটের মুখে পলি অপসারণেরও প্রস্তুতি রয়েছে। ভেতরের পানির চাপ বাড়লে কাজ শুরু করা হবে।"
স্থানীয়দের দাবি, সময়মতো পদক্ষেপ না নিলে এবারও ডুমুরিয়াবাসীকে ভয়াবহ জলাবদ্ধতার মুখে পড়তে হবে।