
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পরিবর্তে আধাঘণ্টা এগিয়ে দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হবে। স্থান নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, জানাজায় অংশগ্রহণকারীদের ভারী ব্যাগ বা কোনো ধরনের ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টায় ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে রাখা হয়। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।