
ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা শপথ গ্রহণ শেষে এলাকায় আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন মধুখালী উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তিনি মধুখালী উপজেলার গাজনা ও রায়পুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা সাধারণ সম্পাদক নওশের চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা হেমায়েতুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি রাজিবুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমির আলী শিকদার, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি ইমরান খানসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডঃ মোঃ ইলিয়াস মোল্লা বলেন, “ফরিদপুর-১ আসনে পূর্বে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তবে এখনও অনেক কিছু বাকি রয়েছে। সাধারণ জনগণের সম্পদ রক্ষা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা খেটে খাওয়া মানুষ—রিকশাচালক, কৃষিশ্রমিকসহ নিম্নআয়ের মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।