
রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি, সিআর মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৪ আগস্ট) রাজবাড়ী সদর থানা পুলিশ তাদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাদক মামলায় দুইটি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. মানিক সরদার (৪৩)। তিনি রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের মো. আলাউদ্দিন সরদারের ছেলে।
সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. টিপু আহমেদ। তিনি রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামের আঃ মাজেদ প্রামাণিকের ছেলে।
এ ছাড়া অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইমরান খান (৩২), রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর (সাধুর বটতলা) এলাকার মৃত আঃ মতিন খানের ছেলে; মো. রুবেল শেখ (২২), আলীপুর এলাকার হাবি শেখ ওরফে গড়াই হাবির ছেলে এবং কৃষ্ণা রানী সাহা, রামনগর গ্রামের মৃত গোপাল চন্দ্র সাহার স্ত্রী।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। অভিযান শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।