
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার-এর উপহার হিসেবে পাওয়া খেজুর রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় মোট ১১০ কার্টন খেজুর বিতরণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব খেজুর স্থানীয় পর্যায়ে বিতরণ করা হবে।
বরাদ্দ তালিকা অনুযায়ী, রাজবাড়ী সদর উপজেলায় ৩৬ কার্টন, গোয়ালন্দ উপজেলায় ১১ কার্টন, পাংশা উপজেলায় ২৬ কার্টন, কালুখালী উপজেলায় ১৮ কার্টন এবং বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন খেজুর দেওয়া হয়েছে। এসব খেজুর জেলার মোট ৪২টি ইউনিয়নের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ ও পুনর্বাসন শাখা জানিয়েছে, প্রতিটি কার্টনে ৮টি করে প্যাকেট রয়েছে এবং প্রতিটি প্যাকেটের ওজন ১ কেজি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি নীতিমালা মেনে এসব খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।