
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের যাত্রী মনোয়ার নামে একজন নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাত সাড়ে ৮টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত ও বিচ্ছিন্ন বগি অপসারণ এবং রেললাইন মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আমিরাবাদ থেকে ২৬টি তেলবাহী বগি নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের ছয়টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ার পর গেটম্যান রেললাইন ফাঁকা ভেবে ব্যারিয়ার খুলে দেন। ঠিক সেই সময় ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী অপর্ণা পরিবহনের একটি বাস, একটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার সময় নিয়ন্ত্রণহীন বগিগুলো সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়, বাসটি রেললাইনের পাশের খাদে পড়ে এবং ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, হাইওয়ে পুলিশ ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মনোয়ারের মৃত্যু হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, রাত ৮টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, হাইওয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার বলেন, দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত ও বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে রেললাইন সম্পূর্ণ সচল করার কাজ চলছে। কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
দুর্ঘটনার কারণে খানখানাপুর রেলগেটে কিছু সময়ের জন্য সড়কপথেও যান চলাচল ব্যাহত হয়। তবে উদ্ধার কার্যক্রম শুরুর প্রায় ৪৫ মিনিট পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।