
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে‘প্রাক বাংলা উৎসব’।
শনিবার সকালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী একাডেমীর আয়োজনে শুরু হয় এই উৎসব। সকাল ১০টায় কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনের পর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী দেবাহুতি চক্রবর্তী এবং রাজবাড়ী একাডেমীর সাধারণ সম্পাদক ডা.ইকবাল হোসেন।
বক্তারা বলেন,“বাংলা উৎসব প্রতিবছরই রাজবাড়ীতে বড় আয়োজনে অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজন কিছুটা ছোট হলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক।
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
এবারের প্রাক বাংলা উৎসবে চার শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। শিক্ষার্থীরা তিনটি বিভাগে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে মোট১৩টি প্রতিযোগিতায়।
এসব প্রতিযোগিতার মধ্যে রয়েছে— অভিধান থেকে শব্দ খোঁজা, শব্দ দিয়ে বাক্য তৈরি, বানান শুদ্ধকরণ, বিপরীত শব্দ লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি,তাৎক্ষণিক বক্তৃতা, গল্প বলা, রচনা প্রতিযোগিতা ইত্যাদি।
আয়োজকরা জানান, উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা, সাহিত্যচর্চা ও সংস্কৃতি বিষয়ে আগ্রহ আরও বাড়বে।
আগামীকাল সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হবে।