
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল এলাকা থেকে দালাল চক্রের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা। শনিবার (২২ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হাসপাতালে আগত রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিল। তারা রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আদায় করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আটককৃতরা হলেন— ১. তারিকুল ইসলাম (৩৯), পিতা: আব্দুল আউয়াল, ঠিকানা: পশ্চিম নীলকণ্ঠ, রংপুর। ২. আব্দুল কাদের (৩৯), পিতা: রবিউল ইসলাম, ঠিকানা: পশ্চিম নীলকণ্ঠ, রংপুর। ৩. আমিনুর (৪০), পিতা: মৃত আনসার আলী, ঠিকানা: ধাপ সর্দারপাড়া, রংপুর। ৪. মোঃ মিলন (৪০), পিতা: মহসীন আলী, ঠিকানা: ধাপ কামারপাড়া, রংপুর। ৫. শাহিদা বেগম (৩৭), স্বামী: আরিফ, ঠিকানা: পূর্ব শালবন, রংপুর।
পুলিশ জানায়, আটককৃতরা হাসপাতালের বহির্বিভাগে আগত রোগীদের বিভ্রান্ত করে বিভিন্নভাবে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। ডাক্তার দেখানোর নাম করে রোগীদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া ছিল তাদের প্রধান পেশা।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, স্বাস্থ্যসেবাকে কলুষিতকারী এ ধরনের প্রতারকচক্রের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।