
নারী মানেই ঘরকন্না—এই প্রচলিত ধারণাকে অস্বীকার করে রঙ ও তুলির শক্তিকে অবলম্বন করে নিজের পরিচয় গড়ে তুলেছেন দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের নদীপাড়ার বাসিন্দা ইতি পাটোয়ারী। সৃজনশীলতা, অধ্যবসায় ও অদম্য মনোবল দিয়ে তিনি আজ একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রাচ্য চিত্রকলা ও মুদ্রণ শিল্পে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা ইতি পাটোয়ারী বর্তমানে দুই সন্তানের জননী। শিক্ষক পরিবারের গৃহবধূ হলেও শিল্পচর্চার প্রতি তাঁর ভালোবাসা কখনোই থেমে থাকেনি। তাঁর স্বামী আফজালুর রহমান পাকেরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, যিনি শুরু থেকেই তাঁর কাজে সাহস ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন।
২০২২ সালে ইতি পাটোয়ারী আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভারে কাজ শুরু করেন। তবে বিদেশি ক্লায়েন্টদের সময়ের চাপ, সংসার ও সন্তানদের দেখভাল—সব একসঙ্গে সামলানো তাঁর জন্য কঠিন হয়ে ওঠে। তখনই তিনি ঘরে বসেই নিজের মতো করে কিছু করার সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যান্ডপেইন্ট ও হস্তশিল্পের বিভিন্ন ভিডিও দেখে নতুন উদ্যমে কাজে নেমে পড়েন তিনি।
২০২৩ সালের শুরুতে মাত্র চার হাজার টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু হয় তাঁর উদ্যোগ ‘ইতি কথা’। রঙ, কাপড় ও প্রয়োজনীয় উপকরণ কিনে হাতে আঁকা পোশাকের ছবি ফেসবুকে প্রকাশ করলে অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের দৃষ্টি কাড়ে তাঁর কাজ। ধীরে ধীরে গড়ে ওঠে একটি বিশ্বস্ত ক্রেতা মহল। তিন বছরের ব্যবধানে সেই ছোট উদ্যোগ আজ পরিণত হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার ব্যবসায়। বর্তমানে তিনি প্রতি মাসে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করছেন।
ইতি পাটোয়ারীর ডিজাইনে উঠে আসে বাংলার প্রকৃতি, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী রঙের ছোঁয়া। হ্যান্ডপেইন্ট শাড়ি, থ্রি-পিস, ওয়ানপিস, শিশুদের পোশাক, পাঞ্জাবি, কাপল সেট ও ফ্যামিলি সেট—সবই তাঁর নিজস্ব নকশা ও হাতে তৈরি। ঈদ, দুর্গাপূজা ও বাংলা নববর্ষ উপলক্ষে তাঁর তৈরি কাপল ও ফ্যামিলি সেটের চাহিদা থাকে সবচেয়ে বেশি।
নিজের সাফল্যের পাশাপাশি সমাজের জন্যও অবদান রাখছেন ইতি পাটোয়ারী। ইতোমধ্যে তিনি স্থানীয় অন্তত ২৫ জন নারীকে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে নিজের উদ্যোগের সঙ্গে যুক্ত করেছেন। ফলে গ্রামীণ নারীদের জন্য তৈরি হয়েছে আয়ের নতুন সুযোগ।
সংসার, সন্তান আর উদ্যোক্তা জীবনের ব্যস্ততা—সবকিছু একসঙ্গে সামলে এগিয়ে চলেছেন ইতি পাটোয়ারী। এই যাত্রায় স্বামীর সহযোগিতাই তাঁর সবচেয়ে বড় শক্তি।
ইতি পাটোয়ারী বলেন,
“আমি যেগুলো করি, সেগুলো কোনো সাধারণ পণ্য নয়—এগুলো আমার মনের ভাবনা থেকে তৈরি ক্রিয়েশন। স্বামীর সহযোগিতা ছাড়া দুই সন্তান নিয়ে এই পথচলা সম্ভব হতো না। সরকারি সহায়তা পেলে আমার উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই, যাতে পিছিয়ে পড়া নারীরাও স্বাবলম্বী হতে পারে।”