
বগুড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা ও বগুড়া পৌরসভার শ্রমিক ইউনিয়ন যৌথ কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথায় এক মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়।
সম্প্রতি এম.এ.কে আজাদ ওরফে প্রিন্স মাহমুদ গত ৩ সেপ্টেম্বর তারিথে স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বগুড়া পৌরসভা ও মেয়র রেজাউল করিম বাদশা’র বিরুদ্ধে মানহানিকর মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সাতমাথা থেকে পৌরসভায় এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া পৌরসভার মেয়র কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নি। তিনি কখনো কোনো দুর্নীতি করেন নি। প্রিন্স যদি এই মিথ্যা মামলা তুলে না নেয়, তাহলে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানির ব্যবস্থা ও লাইটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা ও বগুড়া পৌরসভার শ্রমিক ইউনিয়ন যৌথ কমিটির আহ্বায়ক মোঃ মানিক মিয়া, যুগ্ম আহ্বায়ক শ্রী দিপক রাম, সচিব মোঃ মতিয়ার রহমান মতি, সজল কুমার দাস নিপু, মিনহাজুল ইসলাম, মামুনুর রশিদ পেস্তা, আলমগীর হোসেন, সুধীর, টুটুল চটিয়া, চন্দন, আনোয়ার হোসেন ও ডিজেল, নিরোদ, সবুজ প্রমুখ।