
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে ফোরকান শেখ (২৬) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ফোরকান শেখ আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের আলম শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে ফোরকান শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০০ টাকা জরিমানা করা হয়। পরে তাকে আলফাডাঙ্গা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ফোরকান শেখকে প্রথমে থানায় রাখা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।