
ফেনসিডিল (মাদক) বিক্রি ও মজুদ রাখার মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বহিস্কৃত সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান (হাবিব) (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজবাড়ী জেলা আদালত। এ ছাড়া তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন।
দণ্ডিত হাবিবুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভা কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে। গত ২০২৩ সালের ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করেন। রায় ঘোষণার সময় আদালতে হাবিবুর রহমান নিজেই উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১লা মে ফরিদপুর র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসতবাড়ি গোয়ালন্দের কুমড়াকান্দিতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তখন হাবিবুর রহমানকে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দোষ স্বীকার করেন। তিনি বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো বাড়িতে মজুদ রেখে তা বিক্রি করতো বলেও স্বীকার করেন তিনি।