
ভোলার মেঘনায় জেলে ট্রলারে জলদস্যুরা হামলা চালায়। হামলার একপর্যায় জলদস্যুরা এলোপাথাড়ি গুলি ছোড়ে। তাদের গুলির আঘাতে গুলিবিদ্ধ হয়ে হাসান (৩০) নামে এক জেলে নিহত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরো ৩ জেলে আহত হয়েছে। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান,রাতে ভোলার মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলো। এ সময় একদল জলদস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের উপর গুলি চালায় দস্যুরা। এতে এক জেলে নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হয়।
আহত ও নিহত জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলার বাঘার হাওলা এলাকায় বলে জানা গেছে।
এদিকে হঠাৎ করেই মেঘনায় দস্যুদের উপদ্রপ বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে। এ বিষয়ে ইলিশা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।