
ভূঞাপুর উপজেলার বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করার অপরাধে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ আগষ্ট)সকালে ভূঞাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন। এ সময় ডিমের দাম বেশি নেওয়ার অভিযোগে বাজারের ডিম ব্যবসায়ী মৃত হাসেন আলীর পুত্র সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং দলিল উদ্দিনের ছেলে জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ডিমের নির্ধারিত মূল্য ঠিকমতো অনুসরণ না করে অতিরিক্ত দাম নেওয়ায় ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, "বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
প্রসঙ্গত,সরকারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চলছে নিয়মিত তদারকি।