ফরিদপুরের বোয়ালমারীতে শুক্রবার (১৮ আগস্ট) ভোররাতে দুই সহোদরের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বোয়ালমারী পৌরসভার চতুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন দুই ভাই দেবু বোস ও টুটুল বোসের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। দেবু বোসের উপজেলা পরিষদ সড়কে স্টেশনারির দোকান আছে। আর তার ভাই টুটুল বসু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন।
পরিবারের সদস্যরা জানায়, চোরেরা বাড়ির দরজার গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের বেড়ার ফাঁক দিয়ে চেতনানাশক স্প্রে ব্যবহার করে। এক পর্যায়ে বাড়ির সকল সদস্য গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে। পরে রাত দেড়টার পরে ঘরের দরজা ভেঙে চোরের দল দুটি স্মার্টফোনসহ ৭টি মোবাইল ফোন, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ দুই লক্ষাধিক টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়।
এব্যাপারে বোয়ালমারী থানায় অভিযোগ করা হয়েছে।
বোয়ালমারী থানার এস আই, রেজাউল জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেয়া হবে।