
ফরিদপুর-২ আসনের সালথা উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ও মৃত খালেক মাতুব্বরের ছেলে। তিনি বিএনপির একজন সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার বিকেলে সালথা সরকারি মডেল হাই স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা চলাকালে সিদ্দিক মাতুব্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর জানান, সিদ্দিক মাতুব্বর জনসভায় উপস্থিত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।