
বগুড়ার কাহালুতে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীর মরদেহ ঘরে রেখে পালানোর সময় স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিহত গৃহবধু,বগুড়ার কাহালু উপজেলার পিরাপাট ফকিরপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী সানজিদা আক্তার।
জানা গেছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্বামী-স্ত্রী মিলে ৫০ হাজার টাকার লোন তোলেন। রাতে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং দুজন একই ঘরে ছিলেন। এরপর নিজ শয়ন কক্ষে গলায় উড়না দিয়ে ফাঁস লাগানো সানজিদার লাশ রেখে স্বামী ও শাশুড়ী পালিয়ে যায়। রাতে সানজিদাকে হত্যা করা হয়েছে না সে নিজেই আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনা। তার স্বামী ও শাশুড়ী পালিয়ে যাওয়ার কারণে অনেকের সন্দেহ সানজিদাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সানজিদা গলায় ফাঁস দিয়ে নিজে আত্মহত্যা করেছে অথবা তাকে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে তার স্বামী জুয়েলকে নুনগোলা থেকে আটক করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।