
বগুড়া বিসিক এলাকা থেকে আব্দুল বাসেদ মোল্লা (৪০) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি, বগুড়ার গাবতলী উপজেলার পাইকার পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল বাসেদ মোল্লা (৪০)।
জানা গেছে, দু’মাস আগে বাসেদ মোল্লা বগুড়া সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় শাওন ব্রাদার্স নামে একটি কোম্পানিতে যোগদান করেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি ডিউটিতে ছিলেন এবং ওই রাতেই তার মৃত্যু হয়। কোম্পানির পাশের এক জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, আমরা মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। স্থানীয়দের মাধ্যমে জানা যায় নিহত বাসেদ মোল্লার প্রতিষ্ঠানের সামনের রাস্তায় একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। তার মুখমন্ডল থেতলে গেছে। এদিকে অনেকের ধারণা তাকে হত্যা করে জঙ্গলে রাখা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।