
বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বীরপলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার এলাকার মৃত বুলু মিয়ার স্ত্রী মোমেনা বিবি (৫৫)।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার ধুন্দার এলাকা থেকে রাস্তা দিয়ে পায়ে হেঁটে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন মোমেনা বিবি। পথে বীরপলি বাজার এলাকায় একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক মহিলা মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।