
রাজবাড়ীর গোয়োলন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মায় রো রো ফেরি বরকত থেকে নদীতে ঝাপিয়ে পড়ে বাঁধন মোলা (৩০) নামে এক যুবক।
এ সময় মানবিকতার দিক থেকে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ইঞ্জিন চালিত একটি ট্রলার নিয়ে উদ্ধার করে। পরে তাকে নৌ-পুলিশে সোপর্দ করেছেন।
শনিবার (০৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় এ ঘটনা ঘটেছে।
নদীতে ঝাঁপিয়ে পড়া যুবক বরগুনার তালতলি উপজেলার তালুকদার পাড়া'র মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে।
দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। হঠাৎ সে সময় নদীতে এক ব্যাক্তি ভেসে যেতে দেখে একটি ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই ব্যাক্তিকে উদ্ধার করে ট্রলারে তুলে পাড়ে নিয়ে আসেন। আর একটু পড়ে গেলে হয়তো তাকে উদ্ধার করা সম্ভব হতো না। কারণ সে ক্লান্ত হয়ে ডুবতে শুরু করেছিলো। নদীর পাড়ে আনার পর জানতে পারেন ওই ব্যাক্তি ছিনতাইকারী। পড়ে তাকে নৌ-পুলিশের হাতে তুলে দেন। আসলে মানবিকতার জায়গা থেকে তিনি তাকে উদ্ধার করেছেন। সে ছিনতাইকারী হলেও তো মানুষ।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সিরাজুল কবির জানান, দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত থেকে ৫ নম্বর ঘাট এলাকায় ওই যুবক নদীতে ঝাপিয়ে পরে। এ সময় চান্দু মোল্লা নামে স্থানীয় এক মাছ ব্যাবসায়ী ট্রলার নিয়ে তাকে উদ্ধার করে তাদের কাছে সোপর্দ করে। এখন সে তাদের হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, ধারনা করছেন ফেরিতে ওই যুবক ছিনতাই করতে গিয়ে জনগণের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়েছে। তারপরও অধিকতর নিশ্চিত হতে কাজ করছেন তারা। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।