
দিনাজপুরের ফুলবাড়ীতে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপজেলার ৬৩টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম হলেও সকাল ১১ টার পর থেকে ভোটারদের উপস্থিতি বেড়েছে প্রত্যেকটি ভোটকেন্দ্রে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন এবং ভাইস চেয়্যারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (ঘোড়া প্রতীক), বতর্মান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন (মোটরসাইকেল প্রতীক) ও রফিকুল ইসলাম মন্টু (আনারস প্রতীক)।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী (চশমা), মকলেছার রহমান (উড়ো জাহাজ), মামুনুর রশিদ (তালা) ও সোলায়মান মন্ডল (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার (কলস), শিউলী রানী রায় (ফুটবল) ও হাজরা বিবি (হাঁস)।
এ উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৭৮ জন এরমধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৩ জন এবং ৭৬ হাজার ২০৪ জন নারী ভোটারসহ ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন।
বুধবার সকাল ৮টায় পৌরএলাকার ফুলকুঁড়ি বিদ্যানিকেতন বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটের প্রস্তুতি চলছে। বেলা ৮টা ৩৫ মিনিট পর্যন্ত অবস্থান করে দেখা গেছে ভোটারের কোনো লাইন নেই। কিন্তু সময় কিছুটা যাওয়ার পর এক-দুজন করে এসে এ সময়ের মধ্যে ভোট দেন।
সকাল ১০ টা পর্যন্ত উপজেলার পুখুরী স্কুল এন্ড কলেজ কেন্দ্রের এক হাজার ৬৫৯ জন ভোটারের মধ্যে ১৮২জনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। একইভাবে দুপুর ১২টা পর্যন্ত ১নং পানিকাটা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২ হাজার ৭৮১ জন ভোটারের মধ্যে ৫৯৯ জনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। একই সময়ে ২নং পানিকাটা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২হাজার ৩৩০জন ভোটারের মধ্যে ৮৩৬ জনের ভোট গ্রহণ সম্পন্ন হয় বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী ইব্রাহীম খলিল।
একই কেন্দ্রে ছোটভাইয়ের ঘারে ভর দিয়ে ভোট দিতে এলুয়ারি আবাসন প্রকল্পের বাসিন্দা অসুস্থ রফিকুল ইসলাম (৫৭)। তিনি বলেন, শরীরের যে অবস্থা আগামীতে কোনো ভোট দেয়া ভাগ্য হবে কি না, এটা ভেবে শেষ ভোট দেওয়ার জন্য ছোটভাইয়ের ঘারে ভর করে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তার ছোটভাই জুয়েল রহমান রাজু বলেন, বড়ভাই রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কোমড়ের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে বাড়ীতে বিছানায় পড়ে আছেন। ভোট দেওয়ার জন্যই তাকে প্রথমে রিকশাভ্যানে এবং কেন্দ্রের বাহির থেকে ঘারে ভর করে বুথ পর্যন্ত আনা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।